মো.মতিয়ার রহমান: রাষ্ট্র সমাজের কাছে প্রতিটি নাগরিক সমান অধিকার স্বাধীনতা সুরক্ষা পাবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। তিনি বলেন আমরা এমন একটি বাংলাদেশ বিনির্মাণ করতে চাই যেখানে সংখ্যালঘু বা সংখ্যাগুরুর কোনো বিভাজন থাকবে না সবার একমাত্র পরিচয় হবে বাংলাদেশি।
আজ শনিবার সকালে রাজধানীর বনানী মাঠে গুলশান-বনানী সার্বজনীন পূজা ফাউন্ডেশন আয়োজিত মহালয়া ১৪৩৩-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সকাল ৬টায় অনুষ্ঠানে পৌঁছালে তাঁকে ফুল ও উত্তরীয় পরিয়ে বরণ করে নেন আয়োজকেরা। শুভ মহালয়ার তাৎপর্য ব্যাখ্যা করে মাহদী আমিন বলেন মহালয়া অশুভের বিরুদ্ধে শুভ শক্তির বিজয়ের বার্তা বয়ে আনে। তিনি ধর্ম-বর্ণ নির্বিশেষে সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় একযোগে সম্প্রীতির বাংলাদেশ গড়ার আহ্বান জানান। তিনি আরও জানান প্রধানমন্ত্রীর নির্দেশনায় এবার প্রতিটি পূজামণ্ডপে সরকারি আর্থিক বরাদ্দ বাড়ানো হয়েছে এবং সনাতন ধর্মাবলম্বীদের প্রত্যাশা অনুযায়ী পূজার ছুটি বৃদ্ধি করা হয়েছে। সরকারের মূল দর্শনের কথা তুলে ধরে মাহদী আমিন বলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকারের প্রধান অগ্রাধিকার হলো সবার আগে বাংলাদেশ। সব বিভেদ ভুলে রাষ্ট্র পুনর্গঠনে দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভারতীয় ডেপুটি হাইকমিশনার পবন কুমার বাধে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার এবং পূজা ফাউন্ডেশনের শীর্ষ নেতৃবৃন্দ।













