মো.মতিয়ার রহমান: বিশ্বব্যাংকের কাছ থেকে অতিরিক্ত ১০ বিলিয়ন মার্কিন ডলার ঋণসহায়তা পাওয়ার বিষয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। থাইল্যান্ডের ব্যাংককে বিশ্বব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
অর্থমন্ত্রী স্পষ্ট করেন যে এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। প্রক্রিয়াটি সম্পন্ন হতে আরও কয়েক মাস সময় লাগবে এবং ঢাকায়ও এ বিষয়ে আলোচনা অব্যাহত থাকবে। তিনি বলেন দেশের বর্তমান অর্থনৈতিক সংকট বৈশ্বিক যুদ্ধের প্রভাব এবং সরকারের নীতিগত অবস্থান বিশ্বব্যাংক অনুধাবন করছে। বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতা ও মধ্য-দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনার সঙ্গে সংস্থাটি পুরোপুরি একমত এবং বাংলাদেশের পাশে থাকার জোরালো আগ্রহ প্রকাশ করেছে।
এছাড়া অংশীদারত্ব কাঠামোর বিষয়ে বাংলাদেশ একটি লিখিত প্রস্তাব জমা দিয়েছে। অন্যদিকে বিশ্বব্যাংক ও এডিবির অর্থনৈতিক পূর্বাভাস নিয়ে কোনো বিতর্ক তৈরি না করে সরকার বাজেটের নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনেই সর্বাত্মক কাজ করে যাচ্ছে বলে জানান অর্থমন্ত্রী।



