নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রিন্ট

মো.মতিয়ার রহমান: খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ভেজালবিরোধী কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে নিরাপদ খাদ্য পরীক্ষার জন্য স্থাপিত ভ্রাম্যমাণ ল্যাব মোবাইল ল্যাবরেটরি ভ্যান পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ সকালে সচিবালয়ে নিজ দপ্তরে প্রবেশের আগে তিনি মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরের নিচে রাখা এই ভ্রাম্যমাণ পরীক্ষাগারটি পরিদর্শন করেন। পরিদর্শনকালে প্রধানমন্ত্রী পরীক্ষাগারটির ভেতরে প্রবেশ করে খাদ্যের নমুনা সংগ্রহ ও পরীক্ষার পুরো প্রক্রিয়াটি খুব কাছ থেকে পর্যবেক্ষণ করেন। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা তাঁকে জানান যে বর্তমানে দেশের আটটি মহানগর এলাকায় ভ্রাম্যমাণ পরীক্ষাগারের মাধ্যমে খাদ্যের ভেজাল রোধ ও তদারকি কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং পর্যায়ক্রমে তা দেশের ৬৪টি জেলায় সম্প্রসারণ করা হবে। এছাড়া চলতি ২০২৬-২৭ অর্থবছরে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধি প্রকল্পের আওতায় ৭২টি নতুন ভ্রাম্যমাণ পরীক্ষাগার ভ্যান সংগ্রহের কার্যক্রম চলছে। জনসচেতনতা বাড়াতে এসব ভ্যানের বাইরে থাকা মনিটরে সচেতনতামূলক ভিডিও প্রচারের ব্যবস্থাও রয়েছে।

অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী আফরোজা খানম সরকারদলীয় চিফ হুইপ নূরুল ইসলাম খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার ও জনপ্রশাসন সচিব কামরুজ্জামান চৌধুরীসহ খাদ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।