বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রিন্ট

মো.মতিয়ার রহমান: ঢাকা মহানগরের দীর্ঘদিনের যানজট নিরসনে অভ্যন্তরীণ বৃত্তাকার সড়ক ইনার সার্কুলার রিং রোড নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত প্রকল্প অগ্রগতি পর্যালোচনা সংক্রান্ত এক নীতি নির্ধারণী সভায় তিনি এ নির্দেশ দেন।

সভায় সভাপতিত্বকালে প্রধানমন্ত্রী সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার বিভাগকে সমন্বিতভাবে প্রকল্প পরিকল্পনা পর্যালোচনা করার নির্দেশ দেন। তিনি বলেন রাজধানীবাসীকে যানজট থেকে মুক্তি দিতে এই গুরুত্বপূর্ণ প্রকল্পের কাজে দ্রুত দৃশ্যমান অগ্রগতি নিশ্চিত করতে হবে। বাস্তবায়ন প্রক্রিয়ার ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী প্রকল্পের বিদ্যমান প্রতিবন্ধকতাগুলো দ্রুত চিহ্নিত করে তা দূর করার তাগিদ দেন। একই সঙ্গে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোর মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করা এবং নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করতে একটি বাস্তবসম্মত সময়সীমা নির্ধারণের নির্দেশ দেন তিনি।

সভায় সড়ক পরিবহন ও সেতু রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসকসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেন।