ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রিন্ট

মো.মতিয়ার রহমান: ফেনী অঞ্চলের দীর্ঘদিনের বন্যা সমস্যা নিরসন জলবদ্ধতা দূরীকরণ কৃষি সেচ সুবিধা বৃদ্ধির লক্ষ্যে ১ হাজার ৫৪২ কোটি ১৬ লাখ টাকা ব্যয়ে মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ নিষ্কাশন ও সেচ প্রকল্প পুনর্বাসন ১ম পর্যায় প্রকল্পের ফলক উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার দুপুরে পরশুরাম উপজেলার উপকণ্ঠে খোয়াইঘাট মুহুরী ব্রিজ এলাকায় আয়োজিত বিশেষ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ মেগা প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধন শেষে তিনি স্থানীয় জনসাধারণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং অনুষ্ঠানস্থলে একটি স্মারক বৃক্ষরোপণ করেন। প্রকল্পের আওতায় ৬৭.৯২ কিলোমিটার বাঁধ পুনর্বাসন ১১.৭৩ কিলোমিটার নদীতীর সংরক্ষণ ৮৩.৫০ কিলোমিটার নদী ও জলাধার পুনঃখনন ২৭টি সেচ অবকাঠামো সংস্কার এবং ৭৭টি ইনলেট নির্মাণ করা হবে। ২০৩০ সালের মধ্যে প্রকল্পটির প্রথম পর্যায়ের কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। উদ্বোধনী পর্ব শেষে প্রধানমন্ত্রী ফুলগাজীতে বেগম খালেদা জিয়া মহিলা কলেজে বৃক্ষরোপণ করেন। এরপর ফুলগাজী পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলার সরকারি ভবনগুলোতে স্থাপিত ৯৬২.৫ কিলোওয়াট ক্ষমতার রুফটপ সৌরবিদ্যুৎ ব্যবস্থা থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সংযোগ কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করেন।

বিকেলে ফুলগাজী সরকারি পাইলট হাইস্কুল মাঠে আয়োজিত এক সমাবেশে প্রধানমন্ত্রী স্থানীয় সুবিধাভোগীদের হাতে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং ইমাম, মুয়াজ্জিন ও ধর্মীয় উপাসনালয়ে কর্মরতদের সম্মানী তুলে দেন। পরে সেখানে আয়োজিত এক বিশাল জনসভায় বক্তব্য রেখে সন্ধ্যায় রাজধানীর উদ্দেশে রওনা হন।