মো.মতিয়ার রহমান: ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী। আজ মঙ্গলবার সকালে শারদীয় দুর্গোৎসবের মহানবমীতে পূজামণ্ডপ পরিদর্শনের উদ্দেশে রংপুর যাওয়ার পথে পাগলাপীরে আয়োজিত এক সংক্ষিপ্ত পথসভায় তিনি এ আহ্বান জানান।
সমবেত মানুষের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন বাংলাদেশ আমাদের দেশকে সুন্দরভাবে গড়ে তুলতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। ১২ ফেব্রুয়ারি নির্বাচনের পর দায়িত্ব গ্রহণের পর থেকেই সরকার সাধারণ খেটে খাওয়া মানুষের পাশে রয়েছে উল্লেখ করে তিনি বলেন কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করা হয়েছে। পাশাপাশি চালু করা হয়েছে ফ্যামিলি কার্ড এবং প্রক্রিয়াধীন রয়েছে কৃষক কার্ড। ইমাম-মুয়াজ্জিনসহ বিভিন্ন ধর্মের ধর্মীয় নেতাদের জন্য মাসিক ভাতার ব্যবস্থার কথা তুলে ধরে তিনি জানান সর্বস্তরের মানুষের কল্যাণে কাজ করছে সরকার। স্বাধীনতা অর্জনে সব ধর্মের মানুষের সম্মিলিত অবদানের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি পারস্পরিক সম্প্রীতি ও ঐক্য বজায় রাখার আহ্বান জানান। পথসভায় উপস্থিত জনগণ হাত উঁচিয়ে প্রধানমন্ত্রীর এ আহ্বানে পূর্ণ সমর্থন প্রকাশ করেন। এর আগে সকালে ঢাকার তেজগাঁও থেকে সামরিক বিমানে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছালে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ তাঁকে স্বাগত জানান। ঢাকা ছাড়ার আগে তিনি সহধর্মিণী ডা. জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে মহাখালী ও বনানীর পূজামণ্ডপ পরিদর্শন করেন। সফরসূচি অনুযায়ী রংপুর রাজশাহী চট্টগ্রামের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন পূজার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে রাতে তাঁর ঢাকায় ফেরার কথা রয়েছে। সফরের সময় বিএনপির নীতি নির্ধারণী নেতৃবৃন্দ ও সরকারের একাধিক মন্ত্রী প্রতিমন্ত্রী উপদেষ্টা প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন।